বয়স তখন ৪০ ছুঁয়ে ফেলবে। তবু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের স্বপ্ন ছাড়েননি রোহিত শর্মা। ভারতের অভিজ্ঞ ওপেনার স্পষ্ট করে দিয়েছেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ‘কাজ শেষ’ হয়ে গেছে এমন ভাবনা এখনো তার মাথায় নেই।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু ওয়ানডেতেই খেলছেন রোহিত। সে কারণেই ২০২৭ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, তা নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা বেড়েছে।
জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে সেই আলোচনার জবাব দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।
রোহিত বলেন, ‘আমার যে কাজ ছিল, সেটা শেষ হয়ে গেছে এই চিন্তা কখনোই আমার মাথায় আসবে না। যতদিন খেলছি, সামনে তাকানোর মতো কিছু না কিছু থাকবেই। আমি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি, সামনে আমার জন্য কী আছে সেটাও দেখছি।’
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আগামী বছরের ৪ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
২০২৩ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বেই ফাইনালে উঠেছিল ভারত। ঘরের মাঠের সেই আসরে ব্যাট হাতেও আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন তিনি, বিশেষ করে ইনিংসের শুরুতে দ্রুত রান তোলার দায়িত্ব পালন করেছিলেন।
তবে ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা আলাদা হতে হবে বলে মনে করেন রোহিত। তার মতে, আইসিসি টুর্নামেন্টের চ্যালেঞ্জই আলাদা।
তিনি বলেন, ‘বিশ্বকাপ বা কোনো আইসিসি টুর্নামেন্ট খেললে চ্যালেঞ্জটা আলাদা হয়। বিভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে, বিভিন্ন ভেন্যুতে খেলতে হয়। তাই প্রস্তুতিও আলাদাভাবে নিতে হয়, চিন্তাটাও ভিন্ন হতে হয়। এটাই চ্যালেঞ্জ।’
ভারতের ওয়ানডে পরিকল্পনায় রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলেও আপাতত তার নিজের লক্ষ্য পরিষ্কার। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি।