স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে আমাদের পতনের কথা বলে। দিল্লি বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেয়ার কথা বলে। আজ দুই অপশক্তি একত্রিত হয়েছে আমাদের দেখে নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু কেন? কারণ আমরা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পেরেছি এবং তাদের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমাদের কোনো প্রতিবেশী প্রভু নেই, আছে কেবল বন্ধু।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আদানির বিদ্যুৎ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদানি আমাদের বিদ্যুৎ দিতো। তবে দেশে বিদ্যুতের ঘাটতি তৈরি করে জনমনে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টির লক্ষ্যে তারা সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছে।
কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, আমাদের কয়লা নেই, আর তারা কুইক রেন্টাল করেছিল। মূলত এটা ছিল 'চোরের রেন্টাল'। কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে দিয়ে এসব করা হয়েছিল। কিন্তু আজ সেই বিদ্যুৎকেন্দ্রগুলো কোথায়? তারা আর বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না।